বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে মানবজাতির ওপর যে নিষ্ঠুর ও অমানবিক নির্যাতন চলছে, তা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বুধবার ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বিগত সরকারের আমলের সমালোচনা করে বলেন, গত দেড় দশকে দেশে গুম, খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছিল। বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষকে জীবন দিতে হয়েছে এবং হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অসংখ্য আলেম-ওলামা, সাংবাদিক ও বুদ্ধিজীবীকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এবং বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমান আধুনিক সভ্যতার যুগেও ফিলিস্তিনের গাজাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিরপরাধ মানুষের ওপর যে গণহত্যা ও নির্যাতন চালানো হচ্ছে, তা বিশ্ববিবেকের জন্য চরম লজ্জাজনক। তিনি বিশ্বের সকল শোষিত ও নির্যাতিত মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সকল প্রকার নির্যাতন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























