চীনের দালিয়ানে তিন দিনের সফর শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে উচ্চগতির বুলেট ট্রেনে চড়ে রওনা হয়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং স্টেশনে পৌঁছান। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এর আগে বুধবার সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ বা ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের বিশেষ অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর সরকারপ্রধানরা অংশগ্রহণ করেন।
এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ ১৭০০-এর অধিক প্রতিনিধি অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের দ্বার উন্মোচিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সক্ষমতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সুদৃঢ় হবে। গত সোমবার মালয়েশিয়া সফর শেষে চীন পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিপোর্টারের নাম 























