ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রবিবার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক ২০২০ সালের জুলাই মাসে অধ্যাপক জুবায়দুর রহমানকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। পরবর্তীতে তিনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, সম্প্রতি ব্যাংকটির পরিচালনা ও নীতিনির্ধারণী বিষয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে উচ্চপর্যায়ের মতবিরোধ দেখা দেয়। এই পরিস্থিতির মধ্যেই চেয়ারম্যান দেড় মাসের ছুটিতে বিদেশে অবস্থান করছিলেন। একই সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়। গত ১২ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় এই ছুটি অনুমোদন করা হয়েছিল।
রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হলে গ্রাহক ও কিছু কর্মকর্তা সেখানে অবস্থান নিয়ে এমডি ও চেয়ারম্যানের পদত্যাগের দাবি তোলেন। এমন পরিস্থিতিতে চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন। একই দিন এমডি ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে। তবে, পর্ষদের সভা বাতিল হওয়ায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। পরবর্তী সময়ে ব্যাংকটির পরিচালনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ পুনর্গঠন করা হয়। ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল প্রায় ৪৪৭ কোটি টাকা, যা ২০২২ সালে কমে দাঁড়ায় ১৩৭ কোটি টাকায়। একই সময়ে খেলাপি ঋণের হার ৪.২৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ৪৯ শতাংশে পৌঁছেছে। বর্তমানে ব্যাংকটির ৯২ হাজার কোটি টাকার বেশি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত।
রিপোর্টারের নাম 

























