দীর্ঘ পাঁচ বছর পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বেকার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটি দেওয়া হয়েছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটির নেতৃত্বে রয়েছেন আগের কমিটির সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ এবং যুগ্ম আহ্বায়ক আবুল বাশার।
বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবুল বাশারকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম শাওনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং এক মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অতীতেও এমন নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় এবার ঘোষিত সময়সীমার মধ্যে নতুন নেতৃত্ব আসবে কিনা, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ জুন তৎকালীন কেন্দ্রীয় ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল। তিন মাসের জন্য গঠিত ওই কমিটি প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করলেও নতুন কমিটি বা সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পর আবারও নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ জানিয়েছেন, এটি একটি আহ্বায়ক কমিটি এবং সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কমিটিকে আরও সম্প্রসারণ করা হবে এবং যারা দীর্ঘ সময় কাজ করেও পদ পাননি, তাদের অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
রিপোর্টারের নাম 



















