নাটোরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে নাটোর সদরের ঢালান এলাকার অটোরিকশা চালক রাকিব হোসেন (২২) ও একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুন (২১) এর দুবছর আগে বিয়ে হয়েছিল। বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ছাড়াছাড়িও হয়ে যায়। পরবর্তীতে উভয়পক্ষের সমঝোতায় তারা আবার সংসার শুরু করেন।
শুক্রবার জুম্মার নামাজ শেষে রাকিব হোসেন বাড়ি ফিরে স্ত্রী লিজা খাতুনের সাথে নিজের ঘরে অবস্থান করছিলেন। এ সময় পরিবারের অভাব-অনটন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলেও তারা ঘরের মধ্যেই অবস্থান করেন। বিকেলে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা ঘরের দরজা-জানালার ফাঁকা দিয়ে দেখতে পান যে, শয়ন কক্ষের চালের বাঁশের সাথে ওড়না পেঁচিয়ে দুজনেই আত্মহত্যা করেছেন। খবর পেয়ে নাটোর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করে।
নাটোর থানার ওসি মো. মুনসুর রহমান শুক্রবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 


















