কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আজমাঈন হোসেন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত আজমাঈন উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের মো. শাহজাহান হোসেন ও বিউটি বেগম দম্পতির সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে বাড়ির পাশে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় আজমাঈন। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিশুটির সন্ধান চেয়ে আকুল আবেদন জানান স্বজনরা। অবশেষে বুধবার সকালে বাড়ির কাছেই একটি ডোবায় তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারকে খবর দেয়।
একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা। এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, বাড়ির পাশে গর্তে বৃষ্টির পানি জমে থাকায় শিশুটি অসাবধানতাবশত পড়ে গিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি দুর্ঘটনা মনে হওয়ায় পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























