সিলেট নগরীর কালেক্টরেট মসজিদ মার্কেটের দোকান উচ্ছেদ ও তালাবদ্ধ করার ঘটনায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে জেলা প্রশাসক (ডিসি) সহ তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উচ্চ আদালত। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিক হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
ঘটনার সূত্রপাত গত ১০ মার্চ, যখন কালেক্টরেট মসজিদ ট্রাস্ট নোটিশ জারি করে ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তি বাতিল এবং তিন দিনের মধ্যে দোকান খালি করার নির্দেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে ব্যবসায়ীরা হাইকোর্টে রিট আবেদন করলে গত ১২ মার্চ আদালত দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়াও, আরও দুটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ নোটিশ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল।
তবে অভিযোগ উঠেছে যে, আদালতের এসব নির্দেশ উপেক্ষা করে ২৬ মার্চ রাতে জেলা প্রশাসনের উদ্যোগে দোকানগুলো তালাবদ্ধ করে সিলগালা করা হয়। এই ঘটনায় দোকান মালিকরা গত ১ এপ্রিল আদালত অবমাননার নোটিশ পাঠালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে তারা আদালতে আবেদন করলে বিষয়টি শুনানির জন্য ওঠে। শুনানি শেষে আদালত জেলা প্রশাসক সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দা পারভীন এবং এনডিসি কিশোর কুমার পালকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।
এর আগে রোববার দুপুরে মার্কেটের ব্যবসায়ীরা এক সংবাদ সম্মেলনে কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের তালাবদ্ধ দোকানগুলো খুলে দেওয়ার দাবি জানান।
রিপোর্টারের নাম 

























