জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বিএসএফের গুলি চালানোর নির্দেশনার জবাবে বিজিবি পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ‘আমাদেরও গুলি আছে, আমরা বসে থাকব না।’
বুধবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে জামালপুর ৩৫ বিজিবির সদস্য ও স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ব্যক্তি নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়।
প্রায় ৩০ মিনিট পতাকা বৈঠক করেও নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে ফেরত না নেওয়ায় বিজিবি ও বিএসএফের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিএসএফ ওই বৃদ্ধকে বাংলাদেশের দিকে ঠেলে দিলে বিজিবি পাল্টা ধাক্কা দিয়ে তাকে ভারতের সীমান্তে পাঠিয়ে দেয়। এসময় বিএসএফের সুবেদার গুলি চালানোর নির্দেশ দিলে বিজিবি সদস্যরা গুলি করার পাল্টা হুঁশিয়ারি দেয়। একই সঙ্গে স্থানীয়রাও চিৎকার করে লাঠি হাতে বিএসএফকে প্রতিহত করার কথা জানায়। বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ওই ব্যক্তি নো ম্যান্স ল্যান্ডেই অবস্থান করছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্য রেখায় ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে তা ব্যর্থ হয়। বিষয়টি সমাধানের জন্য বৈঠকের চেষ্টা করা হলেও এখনো কোনো সুরাহা হয়নি। তবে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 



















