পটুয়াখালীর কুয়াকাটায় মদ্যপানে বাধা দেওয়ায় এক জেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দলের এক সাবেক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার সোমবার বিকেলে ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানায়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলে মিজান হাওলাদারের চাচাতো ভাই রাজিব লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, গত ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে মদ্যপানে বাধা দেওয়ার জেরে ধুলাসার ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আব্বাস গাজীর নেতৃত্বে ছিদ্দিক ও জাবেদ গাজীরসহ প্রায় ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির উঠানে থাকা মিজান হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একই সময়ে তার বাবা শাহ আলম হাওলাদারকে বেধড়ক মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। তাদের রক্ষা করতে এগিয়ে এলে প্রতিবেশী মেশকাত, লিমন ও বসাসহ আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত মিজান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
তবে, অভিযুক্ত শ্রমিক দলের সাবেক নেতা আব্বাস গাজী তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনায় মিজান হাওলাদারের বাবা শাহ আলম হাওলাদার কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























