বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে রাজধানীর মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল একটি ব্যতিক্রমী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে শিল্পকলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নিয়ে চিত্রকর্মের মাধ্যমে ফ্যাটি লিভার রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়েছেন।
বিশ্বব্যাপী ফ্যাটি লিভার রোগ বর্তমানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে এ রোগের কারণ, ঝুঁকি, জটিলতা এবং প্রতিরোধ সম্পর্কে সচেতনতার ঘাটতি এখনও বিদ্যমান। এই বাস্তবতা বিবেচনায় জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ চিত্রাঙ্কন কর্মসূচি। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ছয়জন শিল্পী অংশগ্রহণ করেন। শিল্পীরা তাঁদের নিজস্ব সৃজনশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে ফ্যাটি লিভার রোগের বিভিন্ন দিক চিত্রকলায় ফুটিয়ে তোলেন। স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ বার্তাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকে শুরু হওয়া লাইভ আর্ট সেশন সারাদিনব্যাপী চলে এবং সন্ধ্যায় শিল্পীদের নির্মিত চিত্রকর্ম প্রদর্শন করা হয়। উপস্থিত দর্শনার্থীরা শিল্পকর্মের মাধ্যমে রোগটির ঝুঁকি, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে জানতে পারেন।
চিত্রাঙ্কন কর্মসূচির পাশাপাশি আয়োজনে ছিল কনটিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই), বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, বেসিক স্বাস্থ্য পরীক্ষা এবং জনসচেতনতামূলক নানা উদ্যোগ। এসব কার্যক্রমের মাধ্যমে লিভার স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান সম্পর্কে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা শিল্প ও স্বাস্থ্যসেবার মধ্যে একটি অর্থবহ সংযোগ স্থাপনের চেষ্টা করেছি। চিকিৎসকরা যেমন মানুষের জীবন রক্ষার জন্য কাজ করেন, তেমনি শিল্পীরাও তাঁদের সৃজনশীলতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এবং সচেতনতা তৈরি করতে সক্ষম। এই দুই ক্ষেত্রকে একত্রিত করে আমরা ফ্যাটি লিভার রোগ সম্পর্কে কার্যকর সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছি।”
রিপোর্টারের নাম 



















