মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি হোটেলের সামনে পার্কিং করে রাখা সেন্ট মার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসটির মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, গত বুধবার বিকেলে বাসটি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৭৩৬৮) উপজেলার বালুয়াকান্দি এলাকার নাইট মুন হোটেলের বিপরীত পাশে পার্কিং করা ছিল। পরবর্তীতে বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা বাসটি চুরি করে নিয়ে যায়।
বাসের মালিক আফজাল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তিনি ঘটনাস্থলে এসে বাসটি দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। এরপর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি বাসটি নিয়ে ঢাকার দিকে চলে যাচ্ছে। বাসটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখন পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, বাস চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। বাসটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় স্থানীয় পরিবহন মালিক ও চালকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দ্রুত বাসটি উদ্ধারের দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 























