আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই আলাপচারিতাকে অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান তার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার লক্ষ্যে ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর জন্য ইরানকে ধন্যবাদ জানান তিনি। তবে প্রায় ৪৫ মিনিটের এই দীর্ঘ আলাপে পরবর্তী দফার বৈঠকের সময়সূচি নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সাথে আলোচনার জন্য একটি মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। তবে তেহরান এখনও এই আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। ইরানি সংবাদমাধ্যমগুলোর মতে, দ্বিতীয় দফার বৈঠকে অংশগ্রহণের বিষয়টি এখনও অনিশ্চিত। ফলে ইসলামাবাদে সম্ভাব্য উচ্চপর্যায়ের এই বৈঠক নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।
রিপোর্টারের নাম 




















