বারবার ঠিকানা বদল আর চেহারায় পরিবর্তন এনেও শেষ রক্ষা হলো না রাজধানীর চাঞ্চল্যকর এক অপহরণ মামলার মূল অভিযুক্তের। দীর্ঘ পাঁচ বছর পলাতক থাকার পর অবশেষে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জালে ধরা পড়েছেন মো. শাহাদাত হোসেন (৩৮) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম ইউনিটের একটি বিশেষ দল।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৬ ডিসেম্বর রাজধানীর মহাখালী এলাকা থেকে এক নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয় একদল দুর্বৃত্ত। অপহরণের পর তাকে শারীরিক নির্যাতন করে ল্যাপটপ ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে ফার্মগেট এলাকায় ফেলে দেওয়া হয়। এই ঘটনায় কাফরুল থানায় মামলা হলেও শুরুতে মূল অপরাধীরা শনাক্ত হয়নি। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডি তদন্তভার গ্রহণ করলে প্রযুক্তির সহায়তায় শাহাদাতকে শনাক্ত করা হয়।
সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত শাহাদাত বরিশাল জেলার বিমানবন্দর থানার বাসিন্দা। তদন্তে জানা গেছে, অপহরণের সময় ব্যবহৃত গাড়িটির চালক ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 






















