দেশের অর্থনীতি নানামুখী চাপের মুখে। রেমিট্যান্স ছাড়া অন্যান্য সূচক অনেকটাই নেতিবাচক। ব্যাংকিং খাত ভঙ্গুর, রপ্তানি ও আমদানি আয়েও দেখা যাচ্ছে নিম্নপ্রবৃদ্ধি। রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি রয়েছে। গত মে মাসে সামষ্টিক অর্থনীতিতে কিছু ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিললেও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহের স্থবিরতা এবং বিনিয়োগে মন্দা—এমন বাস্তবতায় সরকারের সামনে জনতুষ্টিমূলক বাজেট ঘোষণার কঠিন চ্যালেঞ্জ। এই কঠিন পরিস্থিতির মধ্যেই আজ ঘোষিত হতে যাচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট।
ঠিক দুই দশক আগে ২০০৬ সালের জুনে তৎকালীন অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান একটি বাজেট ঘোষণা করেছিলেন। এটি ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের শেষ বাজেট। কুড়ি বছর পর আজ ফের বিএনপি সরকারের হয়ে জাতীয় সংসদে আগামী এক বছরের আয়-ব্যয় ও উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার বেলা তিনটায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এই বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাজেটে আশা ও আশ্বস্ত করার মতো অনেক বক্তব্য থাকবে, যদিও সরকারের ব্যয় নির্বাহ ও উন্নয়ন প্রকল্পের অর্থ সংস্থানে বড় ধরনের ঋণনির্ভরতা থাকবে।
দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের ১১২ দিনের মাথায় চরম আর্থিক টানাপড়েন ও বৈশ্বিক সংকটের মধ্যে এই বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের পর ভিন্ন প্রেক্ষাপটে এটি হবে দেশের দ্বিতীয় জাতীয় বাজেট। আবার অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে রাজনৈতিক সরকারের এটিই প্রথম বাজেট। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট দিয়েছিল সংসদ ছাড়াই, উপদেষ্টা পরিষদের মাধ্যমে।
আকারের দিক থেকে এবারের বাজেট প্রায় সাড়ে ৯ লাখ কোটি টাকার। শুধু তাই নয়, বৃদ্ধির ক্ষেত্রেও এবারের বাজেট অতীতের বাজেটগুলোর চেয়ে ব্যতিক্রম। ৫৫ বছর আগে প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭১৯ কোটি টাকা, যা উপস্থাপন করেছিলেন প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের ভাষণের মাধ্যমে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন।
রিপোর্টারের নাম 





















