জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক মর্মান্তিক ঘটনায় প্রায় ৬০ বছর বয়সী এক ভারতীয় বৃদ্ধ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টানাপোড়েনের শিকার হয়ে শূন্যরেখায় অসহায় জীবন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, ভারতের আসাম রাজ্যের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই বৃদ্ধকে জামালপুরের ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে।
ঘটনার বিবরণে জানা যায়, সকালে বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এ খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুশইন প্রচেষ্টা প্রতিহত করেন। বৃদ্ধ ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। তবে তিনি ভারতের দিকে ফিরে যেতে চাইলে বিএসএফ সদস্যরা তাকে পুনরায় বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে তিনি দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় আটকা পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, খোলা আকাশের নিচে প্রখর রোদ, বৃষ্টি এবং অনাহারে-অর্ধাহারে ওই বৃদ্ধের দিন কাটছে। তার চোখেমুখে ছিল আতঙ্ক, অনিশ্চয়তা এবং গভীর ক্লান্তি। মনে হচ্ছিল যেন পৃথিবীতে তার কোনো দেশ বা আশ্রয় নেই।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, সম্প্রতি এই সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, বিষয়টি সমাধানের জন্য পতাকা বৈঠকের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তবে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তারা সেখানে অবস্থান নিয়েছে।
রিপোর্টারের নাম 






















