দেশের স্বাস্থ্যসেবাকে ডিজিটাল প্রযুক্তির আওতায় আনতে বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ৫টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ কার্যক্রম চালু করা হবে। জেলাগুলো হলো—খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী।
প্রধানমন্ত্রী জানান, এই ই-হেলথ কার্ড ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম এবং পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে যুক্ত থাকবে, যা রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিতে সহায়ক হবে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচির অগ্রগতিও তুলে ধরেন তিনি। এর মধ্যে নারী প্রধানদের ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের জন্য স্মার্ট কার্ড এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রয়েছে।
ধর্মীয় ও সামাজিক উন্নয়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ছয় হাজার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ইমাম-পুরোহিতদের মাসিক সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। এছাড়া পরিবেশ রক্ষায় আসন্ন বর্ষায় ৩ কোটির বেশি চারা রোপণ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনার কথাও জানান তিনি। জলপথ সচল রাখতে সারাদেশে ৬৬৬টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।
রিপোর্টারের নাম 




















