রাজধানীর মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ৪ নম্বর আসামি সিরাজ এবং ১০ নম্বর আসামি রাকিবুল ইসলাম শিহাব ওরফে গোল্ডেন রাকিব। বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব-৩-এর একটি দল তাদের আটক করে। র্যাবের দাবি অনুযায়ী, সিরাজই এই হত্যাকাণ্ডের মূলহোতা।
র্যাব-৩ জানিয়েছে, এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে মৌচাকের আনারকলি মার্কেট এলাকায় একটি সালিশ বৈঠক চলাকালীন বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টারের নাম 
























