ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া সোমালিয়ার রেফারি ওমর আরতার্নকে বিমানবন্দর থেকেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ৩৪ বছর বয়সী এই রেফারি, যিনি ২০২৫ সালে আফ্রিকার বর্ষসেরা রেফারির স্বীকৃতি পেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কূটনৈতিক মর্যাদা এবং বৈধ ‘সিঙ্গেল এন্ট্রি’ ভিসা থাকা সত্ত্বেও আরতার্নকে ফেরত পাঠানোর সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, সীমান্ত ও কাস্টমস কর্তৃপক্ষের তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে মার্কিন অভিবাসন আইনের আওতায় অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, সন্দেহভাজন একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে তার সম্ভাব্য সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে, যা জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে।
অন্যদিকে, ওমর আরতার্ন এসব অভিযোগ অস্বীকার করেছেন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় তাকে সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাবের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ওই সংগঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
বিশ্বকাপের মঞ্চে দায়িত্ব পালনের সুযোগ হারালেও, নিজ দেশে বীরের মর্যাদাই পেয়েছেন আরতার্ন। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
রিপোর্টারের নাম 






















