পাঁচ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর এবার মিয়ানমারের রাষ্ট্রক্ষমতার ওপর নিজের দখল আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত করলেন দেশটির সামরিক নেতা মিন অং হ্লাইং। আজ শুক্রবার সংসদীয় ভোটে জয়লাভ করে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সামরিকপন্থি মিন অং হ্লাইং ৫৮৪টি ভোটের মধ্যে কমপক্ষে ২৯৩টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। গত সোমবার দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরুর পর প্রেসিডেন্ট পদে তার নাম প্রস্তাব করা হয়েছিল। এই পদে বসার জন্য তিনি সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
অভ্যুত্থানের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সংসদ মূলত তার অনুগতদের দ্বারা পূর্ণ। সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত এক-চতুর্থাংশ আসন এবং নির্বাচনের আগে সামরিক বাহিনীর নিজস্ব দল ইউএসডিপি কর্তৃক তৈরি করা পরিবেশে অবশিষ্ট আসনের প্রায় ৮০ শতাংশ জিতে নেওয়ায় ফলাফল পূর্বনির্ধারিত ছিল।
৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি-র প্রশাসনের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করেন এবং তাকে গ্রেপ্তার করেন। এর ফলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দেশব্যাপী সশস্ত্র প্রতিরোধে রূপ নেয়।
রিপোর্টারের নাম 






















