মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতি, জনশক্তি রপ্তানি এবং সেমিকন্ডাক্টর শিল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
দ্বিপক্ষীয় এই আলোচনার পর দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা। এই সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























