মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় একটি মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জুবাইদা রহমান পুত্রজায়ায় প্রধানমন্ত্রী কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাদের স্বাগত জানান।
এরপর লালগালিচায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এই সময়ে মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফরসঙ্গীদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে ভবনের প্রবেশপথে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে উভয় প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর ভবন অভিমুখের লম্বা সড়কের দুপাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়েছিল।
রিপোর্টারের নাম 
























