গাইবান্ধার সাঘাটায় স্কুলের কমিটি গঠন নিয়ে বিবাদের জেরে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা এবং শিবির কর্মী সালাউদ্দিনকে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকে বোনারপাড়ার বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ছাত্রশিবির কর্মী সালাউদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রোববার দিনগত রাত ১টার পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার ভোরে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর তার শরীরে আরও ৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সালাউদ্দিনের অবস্থা এখনো সংকটজনক। তার শরীরের ডান পিঠের অংশে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখমের কারণে পরিস্থিতি এখনো আশঙ্কাজনক। পিঠে আঘাত ফুসফুসে লেগেছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। মোহাম্মদ সালাউদ্দিনের সুস্থতার জন্য তার বাবা মাওলানা দুদু মিয়া সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, শিবির কর্মী সাইফুল্লাহ বারীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার রাতে সাঘাটায় উপজেলা ছাত্র শিবিরের ডাকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এরপর চৌমাথা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন বলেন, দিনদুপুরে যুবদল নেতা মুকুল সহ তার বাহিনীর হাতে এভাবে প্রকাশ্যে শিবির নেতা সাইফুল্লাহকে হত্যা ও সালাউদ্দিনকে আহত করার ঘটনায় মানুষ হতবাক। তিনি দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
রিপোর্টারের নাম 
























