ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ব্যাপক কৌশলগত সক্ষমতা সম্পর্কে অবগত নয় এবং তারা কেবল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তিনি আরও সতর্ক করে দিয়ে বলেছেন যে ভবিষ্যতে আরও ‘বিস্তৃত, শক্তিশালী ও বিধ্বংসী’ হামলা চালানো হতে পারে।
খাতাম-আল আনবিয়া সামরিক কমান্ডের সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক শক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারণা অসম্পূর্ণ। তারা শত্রুদের ‘চূড়ান্ত আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।
তাসনিম বার্তা সংস্থা প্রকাশিত এক বিবৃতিতে কমান্ডের মুখপাত্র বলেন, ‘আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে আপনাদের তথ্য অসম্পূর্ণ। আমাদের বিশাল বিস্তৃত ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনারা কিছুই জানেন না।’ তিনি আরও বলেন, ‘আপনারা আশা করবেন না যে আমাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং বিশেষ সরঞ্জাম ধ্বংস করে দিয়েছেন।’
মুখপাত্র দাবি করেন, ‘আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব জায়গায় হয়, যে সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই এবং আপনারা কখনোই সেখানে পৌঁছাতে পারবেন না।’ তিনি শত্রুদের বিরুদ্ধে আরও কঠোর, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনাদের স্থায়ী, চূড়ান্ত ও শেষ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।’
রিপোর্টারের নাম 




















