জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক ব্যক্তিকে পুশইন (বাংলাদেশে প্রবেশ করানোর) প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় জনগণ। বুধবার ভোর ৫টার দিকে উপজেলার রামরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি এবং স্থানীয়দের তাৎক্ষণিক প্রতিরোধে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
ঘটনার পর সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে ফেরত নিতে রাজি না হওয়ায় তারা তাকে শূন্যরেখায় রেখে চলে যায়। এরপর থেকে ওই ব্যক্তি সেখানেই অবস্থান করছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ কর্তৃক পুশইনের প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে এবং বিষয়টি সমাধানে বৈঠকের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
রিপোর্টারের নাম 



















