মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সহযোগীদের জানিয়েছেন যে, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত না হলেও তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এমন পদক্ষেপ নিলে জলপথটির ওপর ইরানের নিয়ন্ত্রণ দীর্ঘায়িত হতে পারে এবং ভবিষ্যতে এটি আবার চালু করার জটিল প্রক্রিয়া ঝুলে থাকার সম্ভাবনা রয়েছে।
সূত্র অনুযায়ী, ট্রাম্প ও তাঁর সহযোগীরা সম্প্রতি পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং মনে করছেন যে, হরমুজ প্রণালি জোরপূর্বক উন্মুক্ত করার অভিযানে গেলে যুদ্ধের সময়সীমা, যা ট্রাম্প চার থেকে ছয় সপ্তাহ নির্ধারণ করেছিলেন, তা ছাড়িয়ে যেতে পারে।
কর্মকর্তাদের মতে, প্রেসিডেন্টের মূল লক্ষ্য হওয়া উচিত ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র মজুত ধ্বংস করা। এরপর সংঘাত কমিয়ে এনে কূটনৈতিকভাবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা অবাধ বাণিজ্যের সুযোগ দেয়।
প্রয়োজনে ওয়াশিংটন ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ওপর চাপ সৃষ্টি করবে, যাতে তারা হরমুজ প্রণালি পুনরায় খোলার নেতৃত্ব দিতে পারে। যদিও সামরিক বিকল্প প্রেসিডেন্টের সামনে খোলা আছে, তবে আপাতত তিনি সেটিকে অগ্রাধিকার দিচ্ছেন না।
রিপোর্টারের নাম 



















