চট্টগ্রামের রাউজানে একটি গাছকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ার জেরে চাচার ছেলের (চাচাতো ভাই) লাঠির আঘাতে জ্যেঠার ছেলে (জেঠাতো ভাই) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল মান্নান সওদাগর (৩৭)। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরীর সাজিনাজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল মান্নান রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার পূর্ব টিলার সোলাইমান মেম্বারের বাড়ির মো. কবির আহম্মদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মো. শাহজাহান নিহত মান্নানের আপন চাচাতো ভাই এবং সালেহ আহম্মদের ছেলে।
মান্নানের পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার একটি গাছ নিয়ে ঝগড়া ও কথাকাটাকাটির একপর্যায়ে হলদিয়া ইউনিয়নের জানিপাথর বাজারে প্রকাশ্যে অভিযুক্ত শাহজাহান গাছ দিয়ে মান্নানের মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে নগরীর সাজিনাজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আব্দুল মান্নান নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিষয়ে আমরা কাজ শুরু করেছি। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।
রিপোর্টারের নাম 























