ইসরাইলের বর্তমান কট্টর ডানপন্থী সরকারের ‘সম্প্রসারণবাদী’ নীতি ও আগ্রাসন বন্ধ না হলে শুধু ফিলিস্তিনিরাই নয়, মধ্যপ্রাচ্যসহ বিশ্ব শান্তিও সুদূরপরাহত হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ। তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি কয়েক দশকের অবিচারের অবসান এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
ইস্তাম্বুলে ন্যাটোর এক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কুরতুলমুশ এই মন্তব্য করেন। তিনি বলেন, “ইসরাইল সরকারের এই আগ্রাসী কর্মকাণ্ডের অবসান শুধু ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথও সুগম করবে।”
তুরস্কের স্পিকার পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তার দেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া এই সংকটের অন্য কোনো কার্যকর পথ নেই।”
এ সময় তিনি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তী চুক্তিকেও স্বাগত জানান। কুরতুলমুশ আশা প্রকাশ করেন, “এই উদ্যোগগুলো শেষ পর্যন্ত শুধু যুদ্ধবিরতিতে সীমাবদ্ধ থাকবে না; বরং একটি স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।”
রিপোর্টারের নাম 
























