গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি শুরুর পর থেকে ইসরায়েল ৩ হাজার ৪৬৫ বার এই চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করছে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় অন্তত ১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ৩৮০ জন আহত হয়েছেন।
মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও চুক্তির শর্ত মানা হয়নি বলে অভিযোগ করেছে গাজা মিডিয়া অফিস। তাদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ১ লাখ ৫৬ হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের কথা থাকলেও ইসরায়েল মাত্র ৫৫ হাজার ৫৩৯টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে।
এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ‘পরিকল্পিত গণবিনাশের নীতি’ অনুসরণের অভিযোগ তোলে। একই সঙ্গে তারা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলকে স্বাক্ষরিত চুক্তির সব শর্ত বাস্তবায়নে বাধ্য করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এছাড়া, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত ৭৩ হাজার ৪৩ জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 
























