জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ অভিযোগ করেছেন যে, বিশ্বনেতারা ইসরাইলকে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানোর ‘লাইসেন্স’ বা অনুমতিপত্র দিয়েছেন। তিনি আরও বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বাসিন্দাদের জীবন বর্তমানে শারীরিক ও মানসিক যন্ত্রণার এক নিরন্তর ধারায় প্রবাহিত হচ্ছে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিযুক্ত জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক সোমবার জানান, ইসরাইলের অব্যাহত নির্যাতন এই অঞ্চলে এখন ‘রাষ্ট্রীয় নীতিতে’ পরিণত হয়েছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার সর্বশেষ প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, ‘ইসরাইলকে কার্যত ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানোর লাইসেন্স বা অনুমতিপত্র দেওয়া হয়েছে। আর এই অনুমতি দিয়েছে বেশিরভাগ দেশের সরকার এবং তাদের মন্ত্রীরা।’
‘নির্যাতন ও গণহত্যা’ শিরোনামের প্রতিবেদনে আলবানিজ উল্লেখ করেন যে, যা একসময় গোপনে সংঘটিত হতো, তা এখন প্রকাশ্যে চর্চা করা হচ্ছে। এটি একটি সংগঠিত অপমান, যন্ত্রণা ও অবমাননার শাসনব্যবস্থা, যা সর্বোচ্চ রাজনৈতিক স্তর থেকে অনুমোদিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্যাতন কেবল কারাগার বা জিজ্ঞাসাবাদ কক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ব্যাপক স্থানচ্যুতি, অবরোধ, সাহায্য ও খাদ্য সরবরাহ বন্ধ, লাগামহীন সামরিক ও বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং সর্বব্যাপী নজরদারি ও সন্ত্রাসের সম্মিলিত প্রভাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড একটি গণশাস্তির স্থানে পরিণত হয়েছে। এটি সেখানকার জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক পরিণতি ডেকে আনছে।
অন্যদিকে, জাতিসংঘে ইসরাইলের মিশন আলবানিজের প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে এবং তাকে ‘বিশৃঙ্খলার দূত’ হিসেবে আখ্যায়িত করেছে। মিশনটি এক বিবৃতিতে বলেছে, আলবানিজ তার জাতিসংঘের মঞ্চকে অপব্যবহার করে তীব্র ইহুদি-বিদ্বেষে লিপ্ত হয়েছেন, যার মধ্যে হলোকস্টের বিকৃতি ও তুচ্ছকরণের মতো আখ্যান প্রচারও অন্তর্ভুক্ত।
রিপোর্টারের নাম 





















