রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার আসামিকে দশ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী একটি অবৈধ মিছিল বের করেন। এসময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, একটি প্রেস কার্ড, ককটেল তৈরির সরঞ্জাম এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদনে আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে আসামির সম্পৃক্ততা যাচাই, নাশকতার অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত এবং ককটেল তৈরির উৎস উদ্ঘাটনের জন্য নূর মোহাম্মদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর ডিবি পুলিশ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে।
রিপোর্টারের নাম 






















