ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের একক তত্ত্বাবধানে থাকবে বলে ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আরাগচি বলেন, ‘হরমুজ প্রণালি বর্তমানে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ৩০ দিন এই প্রণালি ইরানের একক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় থাকবে।’ তিনি আরও জানান, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সব বাধা দূর হওয়ার পর এই জলপথের পূর্ণ ব্যবহার শুরু করা হবে এবং তারা এই বিষয়টি নিয়েই কাজ করছেন। তিনি উল্লেখ করেন, ‘এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর বর্তায়। এক্ষেত্রে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকে এটি সম্পূর্ণ স্পষ্ট করে বলা হয়েছে।’
আরাগচি সতর্ক করে দেন যে, যেকোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করবে এবং প্রণালিটি পুনরায় খোলার প্রক্রিয়াকেও বিলম্বিত করবে। তার এই বক্তব্য হরমুজ প্রণালির নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌচলাচল নিয়ে চলমান উদ্বেগের মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।
রিপোর্টারের নাম 
























