জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে এক আনন্দঘন পরিবেশে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক মধ্যাহ্নভোজে তিনি শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন এবং তাদের সঙ্গে সেলফি তোলেন। এসময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সংস্থা ‘সুরভী’র ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী প্রতিটি টেবিলের শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।’
সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা অর্জন এবং সংসদ অধিবেশন কক্ষ ও লাইব্রেরি পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় এবং মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা গভীর কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 

























