একটি জাতি কেবল স্লোগান, মিছিল বা নিছক আনন্দ-ফুর্তির মাধ্যমে গড়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি মনে করেন, বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রচলিত শিক্ষা কাঠামোতে আমূল পরিবর্তন আনা জরুরি। রোববার একটি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা অনার্স-মাস্টার্স শেষ করার পর কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে পারছে না। উন্নত বিশ্বের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে উচ্চশিক্ষা শিল্প-নির্ভর বা ইন্ডাস্ট্রি-ওরিয়েন্টেড। কোনো নতুন বিভাগ খোলার আগে সংশ্লিষ্ট শিল্পখাতে চাকরির বাজার যাচাই করা হয়, যা আমাদের দেশে অনুপস্থিত।
দেশের অর্থনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, রেমিট্যান্স আমাদের অন্যতম শক্তি হলেও হুন্ডির কারণে সরকার এর পূর্ণ সুফল পাচ্ছে না। তিনি শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এআই, চ্যাটজিপিটি, পাইথন ও সি++ এর মতো প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষতামুখী শিক্ষার কোনো বিকল্প নেই।
রিপোর্টারের নাম 

























