মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের জন্য আলোচনার প্রস্তাব দিলেও, ইরানের শীর্ষ কর্মকর্তারা এটিকে একটি মারাত্মক ফাঁদ হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, এই আলোচনার সুযোগ নিয়ে ইরানি নেতাদের দেশের বাইরে এনে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানানো হয়েছে। তেহরানের নেতারা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে যেকোনো আলোচনা একটি কৌশল মাত্র। এর মাধ্যমে তারা ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের মতো নেতাদের দেশের বাইরে এনে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে।
গালিবাফ একজন প্রাক্তন আধা-সামরিক কমান্ডার এবং সাম্প্রতিক বিমান হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজন শীর্ষ ইরানি নেতার মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় তার উপস্থিতি চাইছে, যা ইরান সন্দেহের চোখে দেখছে।
ইরানের কর্মকর্তা এবং তাদের সাথে যোগাযোগ রাখা আরব কর্মকর্তাদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার যে ঘোষণা দিয়েছেন, সেটিও একটি চাল। নতুন করে হামলা শুরুর আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনার এটি একটি প্রচেষ্টা হতে পারে।
ট্রাম্প সোমবার ইরানের বিদ্যুৎ ও জ্বালানিকেন্দ্রগুলোতে বোমা হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে। তবে ট্রাম্পের এই দাবির পরপরই ইরান সরাসরি কোনো আলোচনা চলার কথা অস্বীকার করে।
রিপোর্টারের নাম 





















