সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও পরম্পরাগত ঐতিহ্য বিনির্মাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইসলামে ‘ঈদ-উৎসব’ প্রবর্তন করা হয়েছিল। আরবিতে ‘ঈদ’ শব্দের গভীর অর্থ রয়েছে, যার মধ্যে সম্মিলন, সুসংগঠিত আয়োজন, প্রত্যাবর্তন ও উদ্যাপনের ধারণাগুলো নিহিত। এ কারণেই ঈদ মুসলিমদের জন্য নির্ধারিত এক আনন্দঘন দিন, যা সন্মিলিত আয়োজন ও উৎসবের মাধ্যমে অতিবাহিত হয়।
আল্লাহর রাসুল (সা.) মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমনের পর যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠা করা। সেই সময়ে মদিনায় নওরোজ ও মেহেরজানের মতো উৎসবের প্রচলন ছিল, যেখানে এমন অনেক আয়োজন হতো যা ইসলামের নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। এসব উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ইসলামের সামাজিক বৈশিষ্ট্যগুলোও যথাযথভাবে প্রতিফলিত হচ্ছিল না। তাই নবীজি (সা.) ঘোষণা করেছিলেন যে, প্রতিটি জাতি ও গোষ্ঠীর নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের নিজেদের রীতিনীতি অনুযায়ী উৎসব পালনের জন্য নির্দিষ্ট দিবস রয়েছে। ইসলাম তাদের থেকে সার্বিক দিক থেকে স্বাতন্ত্র্য অর্জন করতে চায় এবং এই সাংস্কৃতিক বৈচিত্র্য অর্জনের লক্ষ্যে দুটি দিনকে ঈদ-উৎসব হিসেবে ঘোষণা করা হয়।
নবীযুগে ঈদ আয়োজনে উৎসবের এক ভিন্ন আমেজ বিরাজ করত। মদিনার মেয়েরা সংগীতের আয়োজন করত, হাবশিরা বর্শার খেলা দেখাত এবং মদিনায় এক সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশ তৈরি হতো।
খিলাফত রাষ্ট্রে ঈদ উদ্যাপন ক্রমে আরও বর্ণিল ও আড়ম্বরপূর্ণ রূপ লাভ করে। উমাইয়া খেলাফতের যুগে ঈদ-উৎসবের সঙ্গে নানা নতুন অনুষঙ্গ যুক্ত হয়। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল খলিফা ও প্রাদেশিক শাসকদের জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা, যা জনসাধারণের মধ্যে বিশেষ আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করত। ঈদ উপলক্ষে ঘোড়দৌড় ও শিকারের আয়োজনও ছিল সে সময়ের জনপ্রিয় বিনোদন। একই সঙ্গে পোশাক-পরিচ্ছদেও উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ইয়েমেন ও কুফা থেকে আগত উৎকৃষ্ট মানের ‘ওয়াশি’ বা নকশাদার বস্ত্রের পোশাক পরিধান ছিল অভিজাতদের মধ্যে বিশেষভাবে প্রচলিত। এই সময়কার পোশাকের অন্যতম বৈশিষ্ট্য ছিল সূক্ষ্ম ও নান্দনিক বুননশৈলী। এছাড়া উন্নত মানের খাদ্য ও সমৃদ্ধ ভোজের আয়োজনও উমাইয়া যুগে ঈদ উদ্যাপনের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে পরিগণিত হতো, যা উৎসবের সামগ্রিক আড়ম্বর ও আনন্দকে আরও বহুগুণে বৃদ্ধি করত।
পরবর্তীকালে সালতানাতে বাংলাতেও ঈদ উৎসব তার নিজস্ব রূপে বিকশিত হয়, যা হেকিম হাবিবুর রহমান, একেএম শাহনেওয়াজ ও অন্যান্য গবেষকদের লেখায় উঠে এসেছে।
রিপোর্টারের নাম 
























