রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন আবেদনের বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় দেন।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
জানা গেছে, মিরপুর থানায় দায়ের করা সিয়াম সরদার (১৭) হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেছিল পুলিশ। মামলার নথি অনুযায়ী, রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার নামের এক কিশোরকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল। সিয়ামের বাবা সোহাগ সরদার এই মামলা দায়ের করেন, যেখানে আসাদুজ্জামান নূরের নামও ছিল। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।
এর আগে, রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।
রিপোর্টারের নাম 





















