কুষ্টিয়ার মিরপুরে এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মী। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদক ব্যবসায়ীদের মদদদাতাদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমলা ক্যাম্প পুলিশ ৮ পিস ইয়াবাসহ নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করে। তাকে মিরপুর থানায় হস্তান্তরের পর একই এলাকার বিএনপি ও জামায়াতের ওই নেতারা থানায় উপস্থিত হন।
আটক রবিউলকে ছেড়ে দেওয়ার জন্য তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের ওপর চাপ সৃষ্টি করেন এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হন। পুলিশের কাজে বাধা দেওয়া এবং অযৌক্তিক চাপ সৃষ্টির অভিযোগে তাদের হেফাজতে নেওয়া হয়।
আটককৃতরা হলেন— উপজেলার নওদা আজমপুর গ্রামের মো. এনামুল হক, মো. সুজন আলী, মো. আলাউদ্দিন, মো. শফিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে বিএনপির একজন বর্তমান ইউপি সদস্য এবং জামায়াতের স্থানীয় চারজন নেতা রয়েছেন।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মাদক আসামিকে ছাড়ানোর জন্য তদবির করতে আসা এই পাঁচজনকে পুলিশের কাজে বাধা দেওয়া এবং অযৌক্তিক চাপ সৃষ্টির কারণে হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 























