হাম ও হামের উপসর্গজনিত কারণে এ পর্যন্ত প্রাণ হারানো ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে রবিবার (১০ মে) এই রিট আবেদনটি দাখিল করেন।
স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করে দায়ের করা এই রিটে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে, যা সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে ছয়জন শিশুর মৃত্যুর সমতুল্য। তবে, গত এক সপ্তাহে এই সংখ্যা দৈনিক গড়ে ১০ জনে উন্নীত হয়েছে।
হামে শিশুমৃত্যু কমানোর আশ্বাসের মধ্যেই মৃত্যুর হার দেড়গুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, যেখানে মৃত্যুর হার সবচেয়ে কম রংপুর বিভাগে। গত একদিনেই হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি হিসাব সঠিক হলেও দেশে হাম ও হামের উপসর্গজনিত শিশুমৃত্যুর হার এখনও আশঙ্কাজনক। প্রতিদিন নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে।
রিপোর্টারের নাম 
























