জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে সরকারের কোনো উন্নয়ন কর্মসূচি সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জোর দিয়ে বলেছেন, প্রথমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপরই স্বচ্ছ ও কার্যকর উন্নয়নের পদক্ষেপ নেওয়া উচিত।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে জামায়াত আমির বলেন, নওগাঁ জেলায় চার জন, চট্টগ্রামে তিন জন এবং গাজীপুরে পাঁচ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনা কি কেবলই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, তা নিয়ে প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান।
তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয়। তার মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব।
দেশব্যাপী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার পেছনে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেবল সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই ধরনের সামাজিক সমস্যার কার্যকর সমাধান আনতে পারে।
রিপোর্টারের নাম 
























