রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৭টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজীপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭১১২) এবং রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই একটি বিআরটিসি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৯০৭৮) মধ্যে প্রচণ্ড বেগে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটির সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায়।
এই দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৬), পিতা মৃত রহিদুল ইসলাম, গ্রাম জলুলী, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের চালকও ঘটনাস্থলে প্রাণ হারান। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২), পিতা নুর ইসলাম, গ্রাম জলুলী, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ গুরুতর আহত হন। তাকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে প্রথমে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 























