যুক্তরাষ্ট্র ও ইসরাইল শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, পুরো মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে যুদ্ধে জড়িত বলে বিস্ফোরক মন্তব্য করেছে ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বর্তমান আঞ্চলিক সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেন।
এই মুখপাত্র বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং বিভিন্ন দেশে তাদের ঘাঁটি ব্যবহারের কারণে অস্থিতিশীলতা বেড়েছে। তিনি আরও বলেন, ‘পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে জন্য এই অঞ্চলের দেশগুলো প্রচেষ্টা চালাতে চাইবে, এটাই স্বাভাবিক।’
ইয়েমেন সংকটকে দেশটির নিজস্ব বিষয় উল্লেখ করে বাঘাই বলেন, এটি সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে ইয়েমেন ইস্যুকে যুক্ত করাকে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কোনো মধ্যস্থতাকারী যুক্ত হননি, তবে চীনসহ কয়েকটি দেশ উত্তেজনা কমাতে সহায়তার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে পাকিস্তান মধ্যস্থতা করছে এবং প্রয়োজন অনুযায়ী কাতারও সহযোগিতা করছে।
বাঘাই জানান, গত ৭-৮ দিন ধরে ওমানের সঙ্গে আলোচনা চলছে এবং এতে কিছু অগ্রগতি হয়েছে। পাশাপাশি অঞ্চল ও অঞ্চলের বাইরের কয়েকটি দেশের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 






















