ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠ থেকে একই রাতে চারজন কৃষকের চারটি সেচপাম্প (মোটর) চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দর মাঠে কৃষিকাজে ব্যবহৃত সেচপাম্পগুলো রাতের অন্ধকারে চোরেরা খুলে নিয়ে যায়। সকালে মাঠে গিয়ে কৃষকেরা দেখতে পান পাম্পগুলো চুরি হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন – গাড়াবাড়ীয়া গ্রামের মৃত গহর আলী মন্ডলের ছেলে আজিজার রহমান, খায়রুল ইসলাম, রাব্বি এবং আব্দুস সালাম। একই রাতে চারজন কৃষকের পাম্প চুরি হয়ে যাওয়ায় তাঁদের খেতের সেচ কাজ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক খায়রুল ইসলাম বলেন, ‘মাঠে ফসল বাঁচিয়ে রাখার জন্য সেচপাম্পই ছিল প্রধান ভরসা। হঠাৎ করে পাম্প চুরি হয়ে যাওয়ায় আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 





















