কক্সবাজারের রামুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই শিশু। একটি মিনিট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত হয়েছেন চালকসহ আরও তিনজন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশ নিশ্চিত করেছে।
নিহত শিশুদের মধ্যে একজন উখিয়া উপজেলার পালংখালী এলাকার ফরিদুল ইসলামের সাত বছর বয়সী মেয়ে বুসরা এবং অপরজন একই এলাকার নুরুল আলমের ১৪ বছর বয়সী মেয়ে জান্নাতুল মাওয়া মনি। আহতদের মধ্যে রয়েছেন উম্মে হাবিবা বিউটি (২৬), তার ছয় বছর বয়সী মেয়ে ফায়জা বিনতে ফয়সাল এবং সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ সাঈদী (২৭)। সাঈদী রাজাপালং ইউনিয়নের বাগনের পাহাড় এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মিনি-ট্রাক দ্রুত গতিতে এসে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়া মনি ও উম্মে হাবিবা বিউটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তরের নির্দেশ দেন। তবে চমেক-এ নেওয়ার পথে ঈদগাঁও এলাকায় পৌঁছালে জান্নাতুল মাওয়া মনির মৃত্যু হয়। বর্তমানে আহত অন্য দুজন কক্সবাজারে চিকিৎসাধীন রয়েছেন।
রামু হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত মিনি-ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























