কানাডার টরন্টো শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনে মঙ্গলবার ভোরে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, কনস্যুলেটের কাঁচের দরজায় দুটি গুলির চিহ্ন দেখা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সন্দেহভাজন কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
কানাডার পুলিশ সার্ভিস জানিয়েছে, গুলির শব্দ শোনার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের সুস্পষ্ট প্রমাণ পায়। তদন্তের স্বার্থে কনস্যুলেটের আশপাশের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে এবং অপরাধীদের ধরতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই গুলির ঘটনা ঘটল, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ আরও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরুর পর টরন্টোতে বিভিন্ন স্থাপনায় গুলি চালানোর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে গত সপ্তাহে তিনটি ইহুদি উপাসনালয় এবং ইরান সরকারের সমালোচক একজন ইরানি-কানাডীয় ব্যক্তির মালিকানাধীন একটি বক্সিং জিমেও গুলি চালানো হয়।
রিপোর্টারের নাম 

























