টানা আট মাস কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারণে রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গত বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এই কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে, যে তারিখ থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, সেই তারিখ থেকেই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং ২০২৩ সালে ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।
রিপোর্টারের নাম 






















