নরসিংদীতে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের তরোয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম পেয়ারা বেগম। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত কাশেম ভূঁইয়ার স্ত্রী। রেলওয়ে পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে পেয়ারা বেগম শিবপুর উপজেলার কামারটেকে তার মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা হন। এরপর দুপুর ১২টার দিকে তিনি নরসিংদী শহরের তরোয়া এলাকায় নেমে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























