কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন গণমাধ্যমকর্মীকে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়েছে। প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মাধ্যমের এই নয়জন সাংবাদিক বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক সাংবাদিককে নগদ ৩০ হাজার টাকা, একটি সুদৃশ্য ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ বছর যারা এই সম্মাননা পেয়েছেন, তারা হলেন— শাহাদাত হোসেন বিপ্লব, শাহিদ আহমেদ সোহাগ, ফারুক আহমাদ আরিফ, ডিএম নাজমুল হুসাইন, জাহিদুর রহমান, সাইফুল মাসুম, ফেরদৌস রহমান, ইয়াসিন রহমান এবং সাজিদ আরাফাত। বিজয়ীদের মধ্যে ফেরদৌস রহমান এবং শাহাদাত হোসেন বিপ্লব তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা কৃষি সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে কৃষি, কৃষক ও খাদ্যনিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো আরও দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিএস (অবসরপ্রাপ্ত) কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের মহাসচিব আহমেদ ইকবাল চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, কৃষিবিদ ও ফলবিশেষজ্ঞ মেহেদী মাসুদসহ কৃষি ও গণমাধ্যম খাতের বিশিষ্টজনেরা।
রিপোর্টারের নাম 
























