মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানকে তাদের কাছে থাকা মার্কিন অস্ত্র হস্তান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো অনুরোধ জানায়নি। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওয়াশিংটন তাইওয়ানের কাছে থাকা তাদের তৈরি সামরিক সরঞ্জাম অন্য কোথাও মোতায়েনের বিষয়ে এখনও কোনো আবদার করেনি।
প্রতিরক্ষামন্ত্রী আরও স্পষ্ট করে বলেন যে, যদি কখনো তাইওয়ানের কাছে থাকা মার্কিন অস্ত্র অন্যত্র স্থানান্তরের প্রয়োজন হয়, তবে তা কেবল যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতেই সম্ভব হবে। এর আগে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাকা কিছু মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এসব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশপথে স্থানান্তরের জন্য ভারী মার্কিন সামরিক পরিবহন বিমান ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে এবং প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
রিপোর্টারের নাম 





















