আন্তর্জাতিক নারী দিবস, ৮ মার্চ, জনপ্রিয় ব্যান্ড মাইলস-এর অন্যতম প্রধান শিল্পী হামিন আহমেদের জন্মদিন। এই বিশেষ দিনকে সামনে রেখে তিনি হাজির হচ্ছেন ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের এক বিশেষ পডকাস্টে, যেখানে উঠে আসবে তাঁর জীবনের অনেক অপ্রকাশিত অধ্যায়।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই এক্সক্লুসিভ পডকাস্টে হামিন আহমেদ প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন ছোট ভাই শাফিন আহমেদের আকস্মিক মৃত্যু এবং এর আগে ঘটে যাওয়া বেশ কিছু ব্যক্তিগত ও পেশাগত বৈরী ঘটনা নিয়ে। এছাড়াও, তিনি স্মরণ করেছেন তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে। হামিন আহমেদ জানিয়েছেন, তাঁর মা, কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করার পর বেগম খালেদা জিয়া তাঁদের ইন্দিরা রোডের বাসায় গিয়েছিলেন। সেসময় ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত না করা নিয়ে বেগম খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করেছিলেন, যা এবারই প্রথম জনসমক্ষে আনছেন হামিন।
পডকাস্টে হামিন আহমেদ প্রয়াত গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর সাথে তাঁর জমে থাকা বেশ কিছু না বলা স্মৃতিও শেয়ার করেছেন। পাশাপাশি, ওয়ারফেইজ ব্যান্ডের একুশে পদক এবং মাইলস-এর রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তি নিয়েও অকপটে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই গুণী শিল্পী।
জেড আই ফয়সালের প্রযোজনায় নির্মিত ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে আগামীকাল, ৭ মার্চ, শনিবার রাত ৯টায়।
রিপোর্টারের নাম 

























