বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গ তার নতুন সিনেমা ‘ডিসক্লোজার ডে’ নিয়ে আসছেন পর্দায়। সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাবে আগামী ১২ জুন এবং একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দর্শকরা এটি উপভোগ করতে পারবেন। স্পিলবার্গের সিনেমা দেখার জন্য বিশ্বজুড়ে থাকা দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। তার পরিচালিত চলচ্চিত্রগুলো এ পর্যন্ত বক্স অফিসে ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যা এক নজিরবিহীন রেকর্ড। তিনি তিনবার অস্কার পুরস্কারও জিতেছেন।
সাম্প্রতিক সময়ে স্পিলবার্গ ব্যক্তিগত ও সংবেদনশীল গল্পে মন দিলেও, ‘ডিসক্লোজার ডে’ ছবির মাধ্যমে তিনি তার পরিচিত রহস্য, প্রযুক্তি এবং অজানা আকর্ষণের জগতে ফিরে এসেছেন। যদিও ছবির কাহিনি বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে যে এটি ভিনগ্রহের প্রাণী, তাদের পৃথিবীতে আগমন এবং এই সত্যকে গোপন করার একটি সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত। স্পিলবার্গের চলচ্চিত্র জীবনে এই ধরনের কাহিনি নতুন নয়; ‘ই.টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল’, ‘ক্লোজ এনকাউন্টারস অব থার্ড কাইন্ড’ বা ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’-এর মতো ছবিতে তিনি অজানা জগৎকে মানুষের আবেগের সঙ্গে যুক্ত করেছেন।
‘ডিসক্লোজার ডে’ ছবিতে এমিলি ব্লান্ট একজন আবহাওয়া সংবাদকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন, যার ভিনগ্রহের আগন্তুকদের সাথে এক রহস্যময় যোগাযোগ রয়েছে। জশ ও’কনর এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রমাণ পেয়েছেন যে মানুষের সাথে অন্য জগতের যোগাযোগ ইতোমধ্যে ঘটেছে। অন্যদিকে, কলিন ফার্থ একজন ক্ষমতাধর প্রশাসনিক কর্মকর্তা, যিনি এই সত্য গোপন রাখতে যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ, যিনি স্পিলবার্গের সাথে ‘জুরাসিক পার্ক’-এর মতো হিট ছবিতে কাজ করেছেন।
রিপোর্টারের নাম 

























